নর্থসাউথ ইউনিভার্সিটি একদিনের জন্য বন্ধ ঘোষণা

আপডেট : ০২ মার্চ ২০১৭, ১৭:৪১
রাজধানীর বসুন্ধরা এলাকায় নর্থসাউথ ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে লাঞ্ছনার প্রতিবাদে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আগামীকাল শুক্রবার ইউনিভার্সিটির ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। বৃহস্পতিবার বিকেলে জরুরি বৈঠকে এ সিন্ধান্ত নেওয়া হয়। 
 
বুধবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় ঢোকার সময় নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএ ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী শাহরিয়ার হাসনাত তপুকে নিরাপত্তা প্রহরীরা বেধড়ক মারধর করে। পরে বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ করা হলে পুলিশ এসে নিরাপত্তা প্রহরীদের পক্ষে অবস্থান নেয়। 
 
সকালে  শিক্ষার্থীরা এ ঘটনার প্রতিবাদ জানাতে ভার্সিটির সামনে একটি মিছিল বের করে। মিছিল থেকে শিক্ষার্থীরা আসে পাশের বাড়ি-ঘরে ইটপাটকেল নিক্ষেপ করে। তারা ইউনিভার্সিটির প্রবেশ গেটের দরজার কাঁচ ভাংচুর করে। এ সময় পুলিশ ওই মিছিলে টিয়ারশেল নিক্ষেপ করে। 
 
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকটি গ্রুপে ভাগ হয়ে আশেপাশের রাস্তায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। খবর পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। এ অবস্থায় দুপুরেই ইউনিভার্সিটিতে জরুরি বৈঠক ডাকেন ভিসি আতিকুল ইসলাম। বৈঠকে আগামীকাল ইউনিভার্সিটির ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিন্ধান্ত হয়।
 
ইত্তেফাক/উজ্জল