বাংলাদেশ বিশ্বমানের পণ্য তৈরি করছে উল্লেখ করে হংকং সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সেদেশের ব্যবসায়ীদের বাংলাদেশি পণ্য আমদানি করার আহ্বান জানিয়েছেন।
তিনি হংকংয়ের ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশ এখন বিশ্বমানের পণ্য তৈরী করে রফতানি করছে। বিশ্ববাজারে তৈরী পোশাক রফতানিতে বাংলাদেশ এখন দ্বিতীয়। আশা করি বাংলাদেশের পণ্য হংকংয়েও জনপ্রিয়তা পাবে। তাই আপনাদেরকে বাংলাদেশি পণ্য আমদানির আহবান জানাচ্ছি।’
বুধবার রাতে হংকংয়ের হোটেল হলিডে ইন ক্রিস্টাল বল রুমে ‘বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, হংকং’ এর যাত্রা শুরু উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে এখন ১৬ কোটি মানুষের দেশ। সাত কোটির বেশি কর্মক্ষম জনশক্তি, এদের বয়স গড়ে ২৫ বছরের মধ্যে। দেশের রাজনৈতিক পরিবেশ ভালো। সংগত কারণেই বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে। উজ্জল সম্ভবনা দেখেই বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগ করতে আসছে।
তিনি আরো বলেন,সরকার রফতানি বাণিজ্য সম্প্রসারণে পণ্য রফতানি ক্ষেত্রে নগদ আর্থিক সহায়তা প্রদান করছে। দেশে এখন অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত। এজন্য বেশকিছু মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বাসস।
ইত্তেফাক/মণ্ডল
