সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত সুরঞ্জিত সেনের স্ত্রী জয়া সেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে সহকারী রিটার্নিং (উপজেলা নির্বাচন) কর্মকর্তা হাফিজুর রহমানের নিকট জয়া সেনসহ আরও চার প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
জয়া সেন ছাড়া অপর চার প্রার্থী সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এস এম এজহারুল হক এর নিকট তাদের মনোনয়ন জমা দিয়েছেন।
সুনামগঞ্জে মনোনয়ন জমাদানকারী প্রার্থীরা হলেন, জাতীয় পার্টি সমর্থিত শেখ জাহির আলী, জাসদ (ইনু) সমর্থিত প্রার্থী আমিনুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সায়েদ আলী মাহবুব হোসেন রেজু ও জাসদ শরীফ-আম্বিয়া সমর্থিত প্রার্থী সালেহীন চৌধুরী শুভ।
উল্লেখ্য, সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আগামী ৩০ মার্চ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন যাচাই-বাছাই করা হবে ৫-৬ মার্চ। প্রত্যাহারের শেষ তারিখ ১৩ মার্চ।
ইত্তেফাক/জামান
