সাতক্ষীরায় মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষ, আহত ৬

আপডেট : ০২ মার্চ ২০১৭, ২১:২৩
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় আহসান, আলমগীর ও বৈদ্যনাথ নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার ভোরে আশাশুনি উপজেলার শোভনালি ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
আহতরা হলেন আব্দুল কাদের, আলীমুদ্দিন মোল্যা, আলমগীর হোসেন, শরিফুজ্জামান ওরফে মিলন গাজী, ওবায়দুল ও রমজান আলী।  আহতরা সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসাধীন। 
 
ব্যবসায়ী সালাউদ্দীন হোসেন লাল্টু জানান, দীর্ঘদিন ধরে তার ভাই বশির আহমেদের দখলে থাকা ৭০ বিঘা জমি বুধবার জোর করে দখলে নেয় নামধারী ভূমিহীনরা। এ ঘটনায় তার ভাই বুধবার আশাশুনি থানায় একটি মামলা করেন। মামলা দায়েরের পর রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ভাইয়ের ঘের থেকে ভূমিহীনদের বের করে দেয়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করেন। এরপর পুলিশ চলে গেলে ভূমিহীনরা রাতে আবারও ঘেরটি তাদের দখলে নিয়ে নেন। এ খবর শুনে বৃহস্পতিবার সকালে তার ভাইয়ের লোকজন ঘেরে গেলে তারা হামলা চালান। এতে কাদের, আলীমুদ্দিন মোল্যা, আলমগীর হোসেন আহত হন।
 
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহীন জানান, বর্তমানে সেখানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা যাতে অবনতি না হয় সেজন্য সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
ইত্তেফাক/মুস্তাফিজ/উজ্জ্বল