রাজশাহীর বাগমারায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে চিকাবাড়ী বাজারে এ দুর্ঘটনা ঘটে। হোসেন উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাইঁপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, হোসেন মোটরসাইকেলে উপজেলার গনিপুর ইউনিয়নের তাহির একডালা গ্রামে যাচ্ছিলেন। তিনি উপজেলার বাসুপাড়া ইউনিয়নের চিকাবাড়ী বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গেসংঘর্ষ হয়। এ ঘটনায় হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বাগমারা থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান আসাদ বলেন, ঘটনাটি শুনেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/মুস্তাফিজ/উজ্জ্বল
