খুলনায় যুদ্ধাপরাধ মামলার চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় বটিয়াঘাটা থানা পুলিশ নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে। তারা হলেন, বটিয়াঘাটা উপজেলার গাওঘরা গ্রামের আশরাফ আলী (৭০), চর মাথালিয়া গ্রামের আমজাদ আলী (৬৮), বিরাট গ্রামের কামাল গোলদার (৬৮) ও সুন্দরমহল গ্রামের আতিয়ার শেখ (৬৯)।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এনামুল হক জানান, গ্রেফতারকৃতরা নাশকতা ঘটানোর অপচেষ্টায় লিপ্ত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা সকলেই ১৯৭১ সালের যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী মামলার আসামি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
ইত্তেফাক/জামান
