ব্যাটিংয়ে তামিম ঝলকের পর বল হাতে তাসকিন আহমেদ জ্বলে উঠেছেন। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সভাপতি একাদশের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচের শেষদিন শুরুতেই দুই লঙ্কানকে ফিরিয়েছেন তরুণ পেসার।
এই প্রতিবেদন লেখার সময় ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সভাপতি একাদশের সংগ্রহ ১৮।
বাংলাদেশ বৃহস্পতিবার ৭ উইকেট হারিয়ে ৩৯১ রান সংগ্রহ করে। তামিম ১৩৬ রান করে স্বেচ্ছা অবসরে যান। শুক্রবার বাংলাদেশ আর ব্যাট না করে স্বাগতিকদের আমন্ত্রণ জানায়।
তাসকিন নিজের তৃতীয় ওভারে উইকেটের দেখা পান। ফারনান্দোকে দেখার মতো এক ডেলিভারিতে বোল্ড করেন। একই ওভারের পঞ্চম বলে ফের আঘাত হানেন। সামারাসুরিয়াকে শূন্য রানে বিদায় করেন।
তামিম বৃহস্পতিবার দারুণ ব্যাট করেছেন। ৯ চার আর সাত ছয়ে ১৩৬ রান করে বিশ্রামে যান। বড় ইনিংস খেলার প্রস্তুতিটা সেরেছেন মুমিনুল হকও। ১০৩ বলে ৭৩ রানের ইনিংস খেলে উঠে যান। আসল লড়াইয়ে মাঠে নামার অপেক্ষায় থাকা লিটন দাস ৫৭ রান করে অপরাজিত ছিলেন। তামিমের মতো লিটনও চালিয়ে ব্যাট করেছেন। ৪০ রানই নিয়েছেন বাউন্ডারি হাঁকিয়ে।
অধিনায়ক মুশফিকুর রহিমকে বেশ নড়বড়ে মনে হয়েছে। ৩৭টি বল খেলে ২১ রানের মাথায় এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন। সাকিবও এলবি হয়ে ফিরে যান। যাওয়ার আগে করতে পারেন ৩০।
রিয়াদের প্রস্তুতিটা মুশফিক-সাকিবের তুলনায় ভালোই হয়েছে। ৭৩ বল খেলে ৪৩ রান করে করুনারত্নের বলে কাটা পড়েন। প্রতিটি শটে ছন্দে ফেরার আভাস ছিল।
ইত্তেফাক/সেতু
