রাজশাহীতে ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট : ০৩ মার্চ ২০১৭, ২০:২৪
রাজশাহী মহানগরীর কাজলায় প্রকাশ্যে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করা হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা কেডি ক্লাব এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত বিপ্লব হোসেন (২৮) কাজলার এরশাদ আলীর ছেলে। অভিযুক্ত রনির বাড়িও একই এলাকায়। তার বাবার নাম হাবিবুর রহমান।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রনি ও বিপ্লব দুই বন্ধু ছিলেন। প্রায় দশ বছর আগে বিপ্লব ভালোবেসে রনির ছোট বোন লিজাকে বিয়ে করেন। কিন্তু এই বিয়ে মেনে নিতে পারেনি রনি। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলছিল।
 
শুক্রবার বিকেলে বিপ্লবের বাড়ির সামনেই রনি তাকে ছুরিকাঘাত করেন। এতে মাটিতে লুটিয়ে পড়েন বিপ্লব। এরপর রনি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা বিপ্লবকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে। রনি পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। 
 
ইত্তেফাক/মাহমুদুল