বগুড়ার কাহালুতে শুক্রবার দুপুরে উপজেলার জয়তুল গ্রাম থেকে ২৮টি ওয়ারেন্টসহ অর্ধ-ডজন মামলার আসামি মাদ্রাসার প্রভাষক আব্দুল হাকিমকে (৫৩) গ্রেফতার করা হয়েছে।
কাহালু থানার অফিসার ইনচার্জ নুর-এ-আলম সিদ্দিকী জানান, প্রভাষক আব্দুল হাকিমের বিরুদ্ধে বগুড়া সদর থানায় ২৮টি সন্ত্রাস ও নাশকতা মামলার ওয়ারেন্টসহ আরোও ৬/৭টি মামলা রয়েছে। তিনি আরোও জানান, কাহালু থানাতেও তার বিরুদ্ধে ২টি সন্ত্রাসমূলক কার্যকলাপের মামলা রয়েছে। গ্রেফতারকৃত আব্দুল হাকিমের বাড়ি বগুড়া জেলার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের কড়ইগোকুল গ্রামে। তার পিতার নাম মুত ইব্রাহীম। বর্তমানে সে বগুড়া জেলা শহরের হাকিরমোড় এলাকায় বসবাস করেন।
প্রভাষক আব্দুল হাকিম বগুড়া সদর উপজেলা বুজর্গধামা মাদ্রাসার আরবি বিষয়ের একজন প্রভাষক এবং কাহালু’র জয়তুল পশ্চিমপাড়া গ্রামের জামে মসজিদে দীর্ঘদিন ধরে খতিব হিসেবে নিয়োজিত ছিলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮ টা) তিনি কাহালু থানার পুলিশি হেফাজতে ছিলেন।
ইত্তেফাক/মাহমুদুল
