ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত

আপডেট : ০৪ মার্চ ২০১৭, ১১:১৭
ফরিদপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত চার শ্রমিক জেলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
 
পুলিশ জানায়, শনিবার সকাল আটটায় উপজেলাধীন ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর পল্লি বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি মাহেন্দ্রের সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। হতাহতরা মাহেন্দ্রর যাত্রী। নিহতরা হলেন, সালথা উপজেলার মো. হাসান খাঁ (৩২) ও ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পদ্মপুকুর গ্রামের লিটন শেখ (৩০)। হতাহতরা ফরিদপুরের বিভিন্ন এলাকায় দৈনন্দিন শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
 
কানাইপুর হাইওয়ে ফাড়ির সার্জেন্ট ওহিদুল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/সালেহ্