রংপুরের মিঠাপুকুরে বাগানের বাঁশ কেটে নেওয়ার জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৯ জন আহত হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানন্তর করা হয়।
শনিবার দুপুরে পায়রাবন্দ ইউনিয়নের জয়রামপুর আনোয়ার গ্রামে ঘটনাটি ঘটেছে। আহত ব্যক্তিরা হলেন- তারাবানু (৪৫), তারাজুল ইসলাম (২১), আবেদ আলী (৫০), হাফিজুর রহমান (২৮), বাবু মিয়া (২৬), খাদিজা বেগম (২৬), আছিয়া বেগম (৪০), রাজা মিয়া (৬০) ও রাবেয়া বেগম (২১)।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পায়রাবন্দ ইউনিয়নের জয়রামপুর আনোয়ার গ্রামের মৃত. মোহাম্মদ আলীর ছেলে রাজা মিয়া ও মেয়ে তারা বানু’র সাথে দির্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। শনিবার দুপুরে তারা বানু বাঁশ কাটার জন্য রাজা মিয়ার বাগানে যান। এসময় তারা বানুকে মারপিট করে রাজা মিয়া’র লোকজন। এ ঘটনায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের ৯ জন আহত হয়। তাদেরকে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বাবু মিয়া ও হাফিজুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ইত্তেফাক/মাহমুদুল
