বাংলাদেশি হত্যায় মালয়েশিয়ার ২ অভিবাসন কর্মকর্তার মৃত্যুদণ্ড

আপডেট : ০৪ মার্চ ২০১৭, ২১:০১
তিন বছর আগে এক বাংলাদেশিকে হত্যার দায়ে মালয়েশিয়ার দুই অভিবাসন কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দিয়েছে দেশটির হাইকোর্ট। 
 
শুক্রবার মালয়েশিয়ার উচ্চ আদালতের জুডিশিয়াল কমিশনার আবু বকর কাতার কর্মকর্তা মো. আমিনুদ্দিন মোহাম্মদ ইয়াসিন ও জুহাইরুল ইফান্দেই’কে মৃত্যুদণ্ড দেন। তাদের দুই জনেরই বয়স ৩৫ বছর। মালয়েশিয়ান পত্রিকা নিউ স্ট্রেইটস টাইমস ও মালয় মেইল অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 
 
২০১৪ সালের ২৯ অক্টোবর রাত ১০টা থেকে ১১ টার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনে আবু বকর সিদ্দিক (৪৫) নামে আটক বাংলাদেশিকে হত্যা করেন ওই দুই অভিবাসন কর্মকর্তা। ফৌজদারি দণ্ডবিধি ৩০২ ধারা অনুসারে তাদের দোষী সাব্যস্ত করে আদালত মৃত্যুদণ্ড দিয়েছে। অভিবাসন কর্মকর্তারা আবু বকরকে যে বন্দি অবস্থায় শারীরিক নির্যাতন করেন তা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। এক পর্যায়ে আবু বকর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয় এবং ওই বছরের ৪ নভেম্বর তিনি মারা যান। ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়, নির্মমভাবে পিটিয়ে জখম করার কারণেই তার মৃত্যু হয়েছে।
 
ইত্তেফাক/উজ্জল