কক্সবাজারের চকরিয়ায় নানা আয়োজনের মাধ্যমে শনিবার ‘বিশ্ব বন্যপ্রাণী দিবস’ উদযাপন করা হয়েছে। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম এবং ক্রেল প্রকল্পের যৌথ আয়োজনে উপজেলার ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু সাফারি পার্ক মিলনায়তনে বন্যপ্রাণী দিবস উপলক্ষে নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয়।
অনুষ্ঠিত বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতৃত্ব দেন চট্টগ্রাম অঞ্চলের বনসংরক্ষক আবদুল লতিফ মিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ফরিদ আহসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ এইচ এম রায়হান সরকার, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বনকর্মকর্তা এস এম গোলাম মাওলা, কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মো.কেরামত আলী মল্লিক, সহকারী বনসংরক্ষক ফুলছড়ি মোহাম্মদ ইউছুপ, ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম বিভাগের সহকারী বনসংরক্ষক মো. জাহাঙ্গীর আলম।
র্যালি শেষে আগত অতিথি ও শিক্ষার্থীরা পার্কের বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শন করেন। পরে পার্কের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় বন্যপ্রাণী বিষয়ক দিকনির্দেশনামূলক কর্মশালা, কুইজ প্রতিযোগিতা এবং মুক্ত আলোচনা। এতে সভাপতিত্ব করেন প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বনকর্মকর্তা এসএম গোলাম মাওলা। অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি চট্টগ্রাম অঞ্চলের বনসংরক্ষক আবদুল লতিফ মিয়া কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ইত্তেফাক/নূহু
