চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কামালপুর এলাকায় প্রতিপক্ষের হামলায় আবু আলী (৪৬) নামে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন- ওই ইউনিয়নের কামালপুর গ্রামের সাহাবুদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় কামালপুর গ্রামে শিশু-কিশোরদের মধ্যে লাটিম খেলাকে কেন্দ্র করে উত্তেজিত হয় দুই পক্ষ। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে লাঠি, সোঠা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে প্রতিপক্ষের হামলায় আবু আলী গুরুত্বর আহত হয়। এসময় আবুর পুত্রবধূ মো. চেকামের স্ত্রী মোমেনা বেগম, মিজুর ছেলে রুহুল আলী, উজ্জলের ছেলে সোহেলসহ ৫ জন আহত হয়। আহত আবুকে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যান্য আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ রমজান আলী জানান, শনিবার সন্ধ্যায় কামালপুর গ্রামের লাটিম খেলাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও ৮ জন আহত হয়। পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ছেলে সোভান আলী বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রবিবার ভোরে ওই গ্রামের মৃত বেলাল উদ্দিনের ছেলে মুনসুর আলী, মনিরুল ইসলাম ও সুফিয়া বেগমকে আটক করা হয়।
ইত্তেফাক/মাহমুদুল
