যশোরে ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট : ০৫ মার্চ ২০১৭, ২১:৫১
যশোর শহরের টাউন হল ময়দান এলাকায় প্রকাশ্যে বাপ্পা হোসেন পাপ্পু (২০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
 
রবিবার সন্ধ্যায় শহরের টাউন হল ময়দানের পাশে অবস্থিত ‘জিন্স ফ্যাশন’ নামে একটি দোকানের এ ঘটনা ঘটে। নিহত বাপ্পা শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার রফিকুল ইসলামের ছেলে। তারা ঘোপ নওয়াপাড়া রোডের সাগরদের বাড়ির ভাড়াটিয়া। 
 
নিহতের মা ফুলি বেগম জানিয়েছেন, রবিবার সকালে সাঈদ নামে এক যুবক মুঠোফোনে বাপ্পাকে হুমকি দেয়। তিনি ধারণা করছেন, পূর্ব শত্রুতার জের ধরেই তার ছেলেকে হত্যা করা হয়েছে। 
 
হাসপাতালে লাশ বহনকারী শরীফ সাংবাদিকদের জানিয়েছেন, বাপ্পাকে শহরের টাউন হল মাঠ থেকে দুর্বৃত্তরা ধাওয়া করে। এ সময় বাপ্পা আত্মরক্ষায় কালেক্টরেট মার্কেটের দিকে দৌড়ে আসেন। মার্কেটের ‘জিন্স ফ্যাশন’ হাউজের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। আশপাশের লোকজন থামানোর চেষ্টা করেও রক্ষা করতে পারেনি। 
 
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ইউসুফ আলী জানিয়েছেন, বাপ্পার বুকের দিকে তিনটি স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। 
 
যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কারা এ হত্যাকাণ্ডে জড়িত বা কি কারণে হত্যাকাণ্ড ঘটেছে এটা জানার চেষ্টা করছে পুলিশ। 
 
 
ইত্তেফাক/উজ্জল