অস্ত্রের জোগানদাতা ভোলা ফের রিমান্ডে

আপডেট : ০৬ মার্চ ২০১৭, ০২:২৫

চট্টগ্রামে আলোচিত মিতু হত্যা মামলায় ব্যবহূত অস্ত্রের কথিত জোগানদাতা এহতেশামুল হক ভোলাকে জিজ্ঞাসাবাদ করতে তৃতীয় দফায় নিজেদের হেফাজতে নিয়েছে মহানগর ডিবি পুলিশ।

গতকাল রবিবার ভোলাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে নগরীর লালদীঘির পাড়ে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়। মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। জিজ্ঞাসাবাদে ভোলা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হলে আজ সোমবার তাকে পুনরায় আদালতে পাঠানো হতে পারে বলে তিনি জানান। এর আগে গত বছর জুলাই মাসে ভোলাকে দুই দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তা।  

গত বছরের ২৭ জুন নগরীর বাকলিয়া এলাকা থেকে ভোলা ও তার সহযোগী মনিরকে গ্রেফতার করে পুলিশ। ভোলার স্বীকারোক্তি অনুযায়ী মনিরের জিম্মা থেকে মিতু হত্যায় ব্যবহূত অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় বাকলিয়া থানায় ভোলা ও মনিরকে আসামি করে একটি অস্ত্র মামলা দায়ের করেন মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান। বর্তমানে মামলাটি সাক্ষ্যগ্রহণের পর্যায়ে আছে।

ইত্তেফাক/নূহু