দিঘলিয়া তালবাড়িয়া সড়কের বেহাল অবস্থা

আপডেট : ০৬ মার্চ ২০১৭, ০৪:০৩


লোহাগড়া উপজেলার দিঘলিয়া-তালবাড়িয়া সড়কের ৫কি.মি রাস্তা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

দিঘলিয়া থেকে তালবাড়িয়া বাজার পর্যন্ত সড়ক দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে হাজার হাজার সাধারণ মানুষ ও মালবাহী ট্রাকসহ নানা যানবাহন চলাচল করছে। সবচেয় বেশি সমস্যা হচ্ছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ শিশু ও রোগীদের। বর্ষা মৌসুমে সড়কের পাথর ও খোয়া উঠে বিভিন্ন স্থানে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। দিঘলিয়া বাজার থেকে তালবাড়িয়া কোনো যানবাহনে যেতে সময় লাগতো ১০/১৫ মিনিট আর এখন সেখানে লাগে প্রায় এক ঘন্টা। সড়কটিতে গর্ত সৃষ্টি হওয়ায় প্রায়ই ট্রাক, প্রাইভেট কার, এম্বুলেন্সসহ বিভিন্ন পরিবহন খাদে আটকে যাচ্ছে। ফলে রোগীসহ সাধারণ মানুষ নানা ভোগান্তিতে পড়ছে। গত দুই বছরে সড়কটির অবস্থা আরো বেশি খারাপ হয়েছে।

সোহেলী অটো রাইস মিলের মালিক মিরাজ হোসেন বলেন, কোটি কোটি টাকা ব্যয়ে অটো রাইস মিল কারখানা করেছি। কিন্তু রাস্তা খারাপ হওয়ায় মালামাল আনা নেয়ায় সমস্যা হচ্ছে। প্রায়ই টায়ার নষ্ট হচ্ছে। ধান-চাল ভর্তি ট্রাক খানাখন্দে উল্টে পড়ছে।

নবগঙ্গা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররফ হোসেন বলেন, শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে হচ্ছে। দ্রুত রাস্তাটি সংস্কার করা প্রয়োজন। এলজিইডি লোহাগড়ার প্রকৌশলী মো. ওসমান গণি বলেন, আগামী অর্থবছরে সড়কটি সংস্কারের চেষ্টা করবো।

ইত্তেফাক/নূহু