ওসমানীনগরে ভোট গ্রহণ শুরু, ভোটার উপস্থিতি কম

আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১২:০০
সিলেটের ওসমানীনগরের প্রথম উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।  উপজেলার প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।
 
সোমবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল চারটা পর্যন্ত।
 
সরেজমিনে দেখা গেছে, সকালে উপজেলার বিভিন্ন কেন্দ্রে  ভোটারদের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। তবে বেলা বাড়লে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
 
তবে এ রিপোর্ট  লেখা পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি আনসার-ভিডিপি ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ, র‌্যাব ও বিজিবি টহলরত অবস্থায় রয়েছে। সব ধরনের সহিংসতা এড়াতে ভোট কেন্দ্রগুলোত পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসনের পক্ষ থেকে উপজেলার  ৫২টি ভোট কেন্দ্রের মধ্যে ২২টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ, ২০টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ ও ১০টি কেন্দ্রকে সাধারণ ঝুকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
 
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য ১০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এর মধ্যে চেয়াম্যান পদপ্রার্থী চারজন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী দুইজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী চারজন। উপজেলার আটটি ইউনিয়নের ভোটার সংখ্যা এক লক্ষ ২৯ হাজার আট শ ৫৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৯২ হাজার সাত শ ৯৯ জন এবং নারী ভোটার ৬৪ হাজার তিন শ ৪৭ জন। উপজেলায় ৫২টি ভোটকেন্দ্রের ৩১৪ টি বুথে  ভোটগ্রহণ চলছে।
 
উপজেলা নির্বাহী অফিসার শওকত আলী বলেন, ‘শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।’
 
উল্লেখ্য, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ২৫ ফেব্রুয়ারি জোড়া খুনের ঘটনা ঘটেছে। যে কারণে ভোটার উপস্থিতি উল্লেখযোগ্য হারে কম।
 
ইত্তেফাক/সালেহ্