নেত্রকোনার পূর্বধলায় সোমবার সকালে অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে সুমন মিয়া (১৯) নামে এক বখাটের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। উপেজলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নমিতা দে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ড পাওয়া ওই যুবক উপজেলার হোগলা ইউনিয়নের সোহাগী ডহর গ্রামের আজিজুলের ছেলে।
জানা গেছে, আটককৃত সুমন মিয়া বেশ কিছুদিন ধরে উপজেলার হোগলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে রাস্তায় উত্ত্যক্ত করে আসছিল। সোমবার সকালে ওই ছাত্রী বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে উপজেলার চলিত ডহর নামক স্থানে বখাটে সুমন তার গতিরোধ করে শ্লীলতাহানীর ঘটনা ঘটায়। এ সময় ছাত্রীর আর্তচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে সুমনকে আটক করে পুলিশে সোর্পদ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনূর রশিদ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পূর্বধলা থানার অফিসার- ইন-চার্জ (ওসি) অভিরঞ্জন দেব জানান, বখাটে সুমনকে ছাত্রী উত্ত্যক্তের ঘটনায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইত্তেফাক/মাহমুদুল
