কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাকচালক শ্যামল কুমার রায়ের হত্যা মামলার আসামি কবির হোসেনকে (২২) যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান জনাকীর্ণ আদালতে এ রায় প্রদান করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী মামলার বিবরণ দিয়ে জানান, ২০১৩ সালের ১৫ জুন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামের ট্রাকচালক শ্যামল কুমার রায় ট্রাক নিয়ে পঞ্চগড় যাওয়ার পথে কুষ্টিয়ার ভেড়ামারার দশমাইল স্থানে খাওয়ার জন্য ট্রাক থামায়। তবে বেশকিছু সময় ট্রাক সেখানে অবস্থান করায় স্থানীয়রা সন্দেহজনক মনে করে। পরে ট্রাকের কাছে এসে ভেতরে দেখতে পায় চালক শ্যামল কুমারের লাশ। ট্রাকের ভেতরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।
পরদিন শ্রমিক নেতা আবেদ আলী বাদী হয়ে ভেড়ামারা থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় চার্জ গঠনের পরে দীর্ঘ শুনানি ও বিচার কাজ শেষে সোমবার বিজ্ঞ বিচারক আসামি কবির হোসেনকে যাবজ্জীবন ও ৫ হাজার টাকা জরিমানার রায় প্রদান করেন।
ইত্তেফাক/মাহমুদুল
