বামনা মুক্ত দিবস আজ

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ২১:৪২

বামনা (বরগুনা) সংবাদদাতা

বামনা মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের  এ দিনে বামনা থানায় স্থাপিত পাকিস্তানি বাহিনীর ক্যাম্পে আক্রমণ চালিয়ে তাদের পরাজিত করে বিজয়ের লাল-সবুজ পতাকা উড়িয়েছিলেন মুক্তিযোদ্ধারা। মহান মুক্তিযুদ্ধে নবম সেক্টরের  সাব সেক্টর ছিল বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়ায়। এর অধিনায়ক ছিলেন তত্কালীন ক্যাপ্টেন মেহেদী আলি ইমাম ও সহঅধিনায়ক ছিলেন আলমগীর হোসেন।

২৪ নভেম্বর ভোর রাতে মুক্তিযোদ্ধা ঘেরিলা আমির, বর্তমান থানা কমান্ডার মো. জয়নাল আনেদিন খানসহ মুক্তিযোদ্ধারা বামনা মুক্ত করতে থানায় স্থাপিত পাকিস্তানি ক্যাম্পে হামলা চালান। থানার অভ্যন্তর থেকে পুলিশ ও রাজাকার বাহিনী প্রচণ্ডভাবে তাদের প্রতিহত করার চেষ্টা চালায়। দামাল মুক্তিযোদ্ধারা থানার উত্তর ও দক্ষিণে একটি বেষ্টনী বলয় গড়ে থানাকে  লক্ষ্য করে মুষলধারে গোলাবর্ষণ করেন।

মুক্তিযোদ্ধারা থানার ভিতরে গ্রেনেড হামলা চালানোর পর পাকিস্তানি ও রাজাকার বাহিনীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরই তারা পিছু হটতে বাধ্য হয়ে আত্মসমর্পণ করে।