আইসিটি ডিভিশনের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করবে টেক জায়ান্ট আইবিএম

আপডেট : ০৭ মার্চ ২০১৭, ২০:৫৬
দেশের টেকনোলজি স্টার্ট-আপ প্রতিষ্ঠানগুলোর জন্য আইবিএম গ্লোবাল অন্ট্রাপ্রেনিওর প্রোগ্রাম চালু করল সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) কর্পোরেশন। মঙ্গলবার সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 
 
আইবিএম গ্লোবাল অন্ট্রাপ্রেনিওর প্রোগ্রাম এর আওতায় স্টার্ট-আপ ও উদ্যোক্তাদেরকে আইবিএম ক্লাইড ও আইবিএম ক্লাউড প্লাটফর্ম ব্লুমিক্স এর ওয়াটসন এপিআইসমূহ (এপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) ব্যবহার করতে পারবে। আইবিএম এর সুবিশাল বৈশ্বিক নেটওয়ার্কের বড় বড়  গ্রাহক, পরামর্শক এবং উদ্ভাবন কেন্দ্রগুলোর সাথে দেশিয় উদ্ভাবনগুলোকে তড়িৎ সংযোগ স্থাপন, উন্নয়ন ও প্রবৃদ্ধিতে সহযোগিতা করবে। 
 
IMG0
 
সমঝোতা স্বারক স্বাক্ষরের আগে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিনিধি দল এবং আইবিএম এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের চেয়ারম্যান ও সিইও র‌্যান্ডি ওয়াকার এর নেতৃত্বে আইবিএম প্রতিনিধি দল এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। 
 
এ সময় আইবিএম প্রতিনিধি দলের সদস্যগণ বলেন, আইবিএম আইসিটি ডিভিশনের সঙ্গে অংশীদারিত্বে ভিত্তিতে কাজ করতে চায়। কারণ, বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিস্ময়কর প্রবৃদ্ধি এবং সরকারের প্রচেষ্টার ফলে বিগত কয়েক বছর ধরেই বাংলাদেশে স্টার্ট-আপ ইকোসিস্টেম সম্প্রসারিত হচ্ছে এবং বর্তমানে স্টার্ট-আপগুলো তাদের উদ্ভাবন প্রদর্শনে অনেক ধরণের প্লাটফর্ম পাচ্ছে। 
 
IMG1
 
আইবিএম এর বৈশ্বিক কর্মসূচির ফলে এখন স্টার্ট-আপগুলো তাদের উদ্দেশ্য সাধনে এখন আরো বেশি সমর্থন ও সহযোগিতা পাবে।  উপযুক্ত স্টার্ট-আপগুলো আগামী এক বছরের জন্য প্রতিমাসে এক হাজার ডলার সমমূল্যের আইবিএম ক্লাউড ব্যবহারের সুযোগ পাবে। এছাড়াও ব্যবসা চালু করতে তাৎক্ষণিকভাবে অবকাঠামো ব্যবহারের সুবিধাসহ স্টার্ট-আপগুলোকে তাদের উদ্যোগসমূহ কোডিং, বিল্ডিং, স্কেলিং এবং বাজারে উপস্থাপন করতে সহায়তা করবে।
 
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আলোচনায় অংশ নিয়ে আইবিএম প্রতিনিধি দলকে বলেন, ‘দেশে উদ্ভাবনকে অনুপ্রেরণা যোগাতে ও স্টার্ট-আপ কালচার প্রতিষ্ঠা করতে অনেক উদ্যোগ নেয়া হয়েছে।’ 
 
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আইবিএম দক্ষিণ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক করন বাজওয়া বলেন, ‘বিস্তৃত ও শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে স্টার্ট-আপদের উদ্ভাবনে উদ্যম যোগাতে বাংলাদেশ সরকারের সাথে আইবিএম গ্লোবাল অন্ট্রাপ্রেনিওর প্রোগ্রাম এর সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
 
ইত্তেফাক/সাব্বির