ফেনীর সোনাগাজীতে ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট : ০৭ মার্চ ২০১৭, ১৯:৪৭
ফেনীর সোনাগাজীতে পাওনা টাকা আদায়ের ঘটনায় পারিবারিক বিরোধের জের ধরে মো. শাহাদাত হোসেন ফারুক (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এসময় নিহত শাহাদাতের মা আয়েশা বেগম (৪৭) ও ভগ্নিপতি সিরাজুল হক (৩০) গুরুতর আহত হয়েছেন। 
 
মঙ্গলবার সকালে ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আউরারখিল গ্রামে করিমুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।
 
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বিদেশে যাওয়ার ভিসা সংক্রান্ত ব্যাপারে ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আউরারখিল গ্রামের শাহাদাতের পরিবার একই এলাকার ইউছুফদের কাছে ৩০ হাজার টাকা পাওনা ছিল। দীর্ঘদিন ধরে এ টাকা চাওয়া হলে তা দিতে অস্বীকৃতি জানায় ইউছুফরা। এই বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে ইউছুফের ছেলে মিজানের কাছে টাকা চাইলে মিজানুর রহমান ও তার পরিবারের সদস্যরা শাহাদাতের মা আয়েশা আক্তারের ওপর চড়াও হয়। মাকে বাঁচাতে শাহাদাত এগিয়ে গেলে মিজানুর রহমান ও তার পরিবারের সদস্যরা তাকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হয় শাহাদাত। পরে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শাহাদাত ওই গ্রামের প্রবাসী আব্দুল করিমের ছেলে।
 
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীর বগাদানা ইউপির আউরারখিল গ্রামে ছুরিকাঘাতে একজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
 
ইত্তেফাক/মাহমুদুল