বগুড়ায় ২চেয়ারম্যানসহ ৫৩জনের বিরুদ্ধে হত্যা মামলা

আপডেট : ০৭ মার্চ ২০১৭, ২০:৫৯
 
বগুড়ার শিবগঞ্জে যুবলীগনেতা ওমর ফারুক হত্যার ঘটনায় দুই ইউপি চেয়ারম্যানসহ ২৩জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-৩০জনের নামে মামলা হয়েছে। সোমবার রাতে নিহতের বড় ভাই নয়ন মিয়া বাদী হয়ে মামলাটি করেন।
 
মামলায় বিহার ইউনিয়নের চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মহিদুল ইসলামকে প্রধান, রায়নগর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজুকে দুই নম্বর, জলাশয়ের ভুয়া মালিক আবু তৈয়বকে ৩নং করে মোট ২৩জনকে আসামি করা হয়েছে।
 
এদিকে মঙ্গলবার সকালে বিহার ইউনিয়নের আলীগ্রাম থেকে অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল শাহীন মিয়াকে গ্রেফতার করেছে। এনিয়ে তিনজনকে গ্রেফতার করা হলো। মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জাহিদ হোসেন জানান, উত্তম কুমার মালী এবং বিপ্লব দাস ও শাহীন মিয়া তিনজনই এজাহারভুক্ত আসামি। তাদেরকে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
উল্লেখ্য, রবিবার রাতে উপজেলার বিহার ইউনিয়নের সংসারদীঘি-দবিলা এলাকায় একশ' একর আয়তনের একটি জলাশয়ের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জের ধরে দুই ইউপি চেয়ারম্যানের সমর্থকদের ছুরিকাঘাতে যুবলীগনেতা ওমর ফারুক নিহত হন বলে অভিযোগ উঠেছে।
 
শিবগঞ্জ থানার ওসি শাহিদ মাহমুদ খান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, 'আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে'।
 
ইত্তেফাক/জামান