বাগেরহাটের মোরেলগঞ্জের শনিরজোড় ডেউয়াতলা গ্রামে বড় ভাইয়ের স্ত্রীকে দায়ের কোপে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার সকালে জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন নিহতের স্বামী খলিলুর রহমান (৫৫)।
জিউধরা ইউনিয়নের আ.রাজ্জাক তালুকদারের ছেলে খলিলুর রহমান তালুকদার ও তার ছোট ভাই রফিকুল ইসলাম মন্টু তালুকদারের মধ্যে জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে ঘটনার সময় ছোট ভাই মন্টু তালুকদার তার বড় ভাইয়ের স্ত্রী মাকসুদা বেগম (৪০) ওরফে কমলাকে পিটিয়ে এবং কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় বড় ভাই খলিল তার স্ত্রীকে বাঁচাতে গেলে ছোট ভাই মন্টু তাকেও কুপিয়ে আহত করে। স্থানীয় লোকজন কমলা ও তার স্বামীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কমলাকে মৃত্যু ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা জানিয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. রাশেদুল আলম জানান, দেবর রফিকুল ইসলাম মন্টুকে গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক/জামান
