জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
জগন্নাথপুর উপজেলার পৌর শহরের প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারে বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। প্রাথমিক তথ্যে ক্ষতির পরিমাণ ২০ লক্ষাধিক টাকা হবে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন।
জানা গেছে, জগন্নাথপুর বাজারের মা মোরগের আড়ত থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহূর্তেই আশ-পাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে বাজারের লোকজন চিত্কার দেয়। বাজারটি থানা ভবনের পাশে থাকায় চিত্কার শুনে দ্রুত থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ অগ্নিকাণ্ডস্থলে ছুটে আসেন। এ সময় উপস্থিত লোকজনদের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা চালান। খবর পেয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ছুটে এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে রাত অনুমান সাড়ে ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে অগ্নিকাণ্ডে আলী নুরের মা মোরগের আড়তসহ তিনটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়।
