বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া বাজারে আগুন লেগে একটি ইনস্যুরেন্স অফিস ও বসতঘরসহ ১০টি দোকান পুড়ে গেছে।
বুধবার দুপুর দুই'টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। এতে প্রায় ৩০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ও স্থানীয়রা দাবি করছেন। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এ আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
ক্ষতিগ্রস্তরা জানান, দুপুর আনুমানিক দুই'টার দিকে ইউনুচ আলীর ফার্নিচারের দোকান থেকে হঠাৎ আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দল আসার আগেই একটি ইনস্যুরেন্সের অফিস, একটি বসতঘর, দুটি আড়ত, তিনটি ফার্নিচারের দোকান, একটি তুলার দোকান, একটি মোটরসাইকেল ও একটি সাইকেল গ্যারেজসহ ১০টি প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।
শরণখোলা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আক্কাস আলী জানান, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইত্তেফাক/জামান
