তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আইসিটি বিষয়ক সকল প্রশিক্ষণে শতকরা ৩০ ভাগ নারীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল উইমেন ডে সেলিব্রেশন ২০১৭’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, আমাদের সকল প্রশিক্ষণে কমপক্ষে ৩০ শতাংশ নারীরা অংশগ্রহণ করছে। আমাদের অনেক প্রকল্পের মধ্যে ই-শপ কার্যক্রমের উদ্যোক্তদের মধ্যে প্রায় অর্ধেক নারী। প্রযুক্তিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে গুগলের উইমেন টেকমেকার্সের কার্যক্রমের পরিধি বাড়ছে।
সম্মেলনের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান, বেসিস সহ-সভাপতি ফারহানা রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স বিভাগের প্রধান লাফিফা জামাল ও গুগল ডেভেলপার গ্রুপের উপদেষ্টা আরিফ নিজামী।
ইত্তেফাক/উজ্জল
