ফেনীর ফুলগাজী উপজেলার বদরপুর সীমান্তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মাদক ব্যবসায়ীদের হামলায় নওশের আলী নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। তাদের ধারালো অস্ত্রের কোপে আহত হন ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা ও পুলিশ সদস্যসহ ১০ জন।
পুলিশ, বিজিবি ও স্থানীয় এলাকাবাসী সূত্র জানা গেছে, বুধবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বদরপুর সীমান্তের মুসলিমপাড়া (খানাবাড়ী) এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশ ১৪ রাউন্ড গুলি ছোড়ে।এতে কয়েকজন মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়।এ সময় মাদক ব্যবসায়ীদের হামলায় নওশের আলী নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছে আরো একজন। মাদক ব্যবসায়ীদের কোপে আহত হন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা ও পুলিশ সদস্যসহ আরো ১০ জন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। রাতে সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফেনীর অতিরিক্ত পুলিশ সপার (সার্কেল) ঐক্য সিং, উপজেলা চেয়ারম্যান মো. আবদুল আলিম, উপজেলা নির্বাহী অফিসার কিসিঞ্জার চাকমা, ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মোর্শেদ।
ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা চালালে আত্মরক্ষার্থে পুলিশও ১৪ রাউন্ড গুলি ছোড়ে।
উল্লেখ্য, উপজেলার বদরপুর সীমান্তে মুসলিমপাড়া যাহা খানাবাড়ী নামে পরিচিত। এই বাড়িটি সীমান্তবর্তী এলাকায় ভারতের মধ্যে অবস্থিত। এ সীমান্ত এলাকায় বিজিবি ও পুলিশের অভিযানকালে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা সেই বাড়িতে অবস্থান নেয় বলে স্থানীয়রা জানান।
ইত্তেফাক/সালেহ্
