চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত ৩

আপডেট : ০৯ মার্চ ২০১৭, ১২:৪২
 
আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের বন্ডবিল গেটের নিকটে বালি বোঝাই ট্রাক ও ২টি পাটকাঠি বোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার সময় এ ঘটনা ঘটেছে। পাটকাঠি ব্যবসায়ীসহ গুরুতর আহত ৩ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
জানা গেছে, কুষ্টিয়া মিরপুর আমলা সদরপুর গ্রামের শরিফুল পাটকাঠির ব্যবসা করে। বুধবার সন্ধ্যায় ঝিনাইদহ জেলার মহেশপুর পান্থ ইউনিয়নে পাটকাঠি কিনতে যায়।
 
বৃহস্পতিবার ভোর রাতে কাকলেডাঙ্গা গ্রামের দিদার বক্স মন্ডলের ছেলে সানোয়ার (৪৩) ও ঘোঘড়ি গ্রামের বরজেল আলীর ছেলে আশাদুল (৪৫) এর স্যালো চালিত ট্রলি ভাড়া নিয়ে পাটকাঠি বোঝাই দিয়ে বাড়ি নিয়ে আসছিল। তারা ভোর সাড়ে ৫ টার দিকে আলমডাঙ্গা চুয়াডাঙ্গা সড়কের বন্ডবিল গেটের নিকট পৌঁছালে পাকশি থেকে বালি নিয়ে আসা তালেব এন্টারপ্রাইজের ঢাকা মেট্রো-ট-২০-০০৪০ গাড়িটি পাটকাঠি বোঝাই ট্রলিতে সজোরে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় একটি টলির ইঞ্জিন ভেঙ্গে রাস্তার উপর উল্টে যায়। আরেকটি  ট্রলি রাস্তার পাশে গর্তে পড়ে যায়।
 
এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
 
পাটকাঠি বোঝাই ট্রলিতে থাকা চালকসহ ৩ জন আহত হয়। আহত ৩ জনতে আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের গাড়িতে করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। গুরুতর আহত আশাদুলকে চুয়াডাঙ্গা থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
 
এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ট্রাক ড্রাইভার ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার গাবলা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে সোহেল পারভেজ ও হেলপার।
 
ইত্তেফাক/রাফাত