বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন বাকৃবি সংসদ।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মতিউল কাদের চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রশাসনিক ভবনের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্র ইউনিয়ন বাকৃবি সংসদের সাধারণ সম্পাদক সাফায়েত হোসেনের সঞ্চালনায় সমাবেশের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তানভীর আহমেদ রিয়াদ।
এসময় বক্তারা বলেন, ছাত্র সংসদ নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার, তারা এ অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। অবিলম্বে নির্বাচন না দেয়া হলে সকল সাংস্কৃতিক সংগঠন, ছাত্র রাজনৈতিক সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দুর্বার আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন তারা।
ইত্তেফাক/জামান
