ক্যারিবিয়ান সফরের পরে মিসবাহ’র অবসর চায় পিসিবি

আপডেট : ০৯ মার্চ ২০১৭, ১৬:৪৯
ওয়েস্ট ইন্ডিজ সফরই হয়তবা পাকিস্তানী অধিনায়ক মিসবাহ-উল-হকের ক্যারিয়ারের শেষ সিরিজ হতে যাচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান ইতোমধ্যেই টেস্ট অধিনায়ককে জানিয়ে দিয়েছেন বোর্ড চায় মার্চ-এপ্রিলের ওয়েস্ট ইন্ডিজ সফরের পরেই যেন তিনি অবসরের ঘোষনা দেন। ইতোমধ্যেই আসন্ন ক্যারিবীয় সফরের জন্য টেস্ট দলের অধিনায়ক হিসেবে মিসবাহ’র নাম ঘোষনা করা হয়েছে। তার আগে অবশ্য মিসবাহ খেলা চালিয়ে যাবার ইচ্ছা বোর্ডকে জানিয়েছিল। 
 
এ সম্পর্কে শাহরিয়ার খান বলেছেন, আমি এ ব্যপারে মিসবাহ’র সাথে কথা বলেছি ও তার ভবিষ্যত নিয়েও আলোচনা করেছি। আমি তাকে জানিয়ে দিয়েছি ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেবার সময় এসেছে। সে জানিয়েছে পিএসএল এর পারফরমেন্সের পরে এ ব্যপারে সে আমার সাথে কথা বলবে। সে অনুযায়ী গত সপ্তাহে আমার কাছে এসে জানিয়েছে সে আসন্ন সিরিজে খেলতে চায়। সে কারনেই নির্বাচকরা তাকে অধিনায়ক হিসেবে বহাল রেখেছে। কিন্তু একইসাথে এটাও চিন্তা করতে হবে এই সিরিজেই তার বয়স ৪৩ বছর হতে যাচ্ছে। আমার মনে হয়না এই সফরের পরে তার আর খেলা চালিয়ে যাবার প্রয়োজন রয়েছে।
 
এবারের শীত মৌসুমেই নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুটি টেস্ট সিরিজে পরাজিত হবার পরেই মিসবাহকে তার ভবিষ্যত নিয়ে বিবেচনা করতে অনুরোধ জানিয়েছিলেন বোর্ড চেয়ারম্যান। ওয়েস্ট ইন্ডিজ সফরে তাকে অধিনায়ক বিবেচনা করার পিছনে দীর্ঘদিন পাকিস্তান ক্রিকেটে তার অবদানের বিষয়টি চিন্তা করা হয়েছে। এছাড়া ক্যারিয়ারে একটি ভাল অবস্থানে থেকে যাতে সে অবসরে যেতে পারে সে বিষয়টিও দেখা হয়েছে। আসন্ন সিরিজে প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক, কোচ মিকি আর্থারের সাথে বোর্ডের একমাত্র ব্যক্তি হিসেবে শাহরিয়ার খানই মিসবাহকে অধিনায়ক হিসেবে বহাল রাখার পক্ষে নিজের মত দিয়েছেন। 
 
শাহরিয়ার খান আরো বলেছেন পিএসএল ফাইনাল লাহোরে সফলভাবে আয়োজনের পরপরই আন্তর্জাতিক ক্রিকেট পাকিস্তানে ফিরছে এমন ভাবার কোন কারন নেই। এটা শুধুমাত্র একটি ধাপ। এখনো এজন্য আমাদের অপেক্ষা করতে হবে। বিশেষ করে এশিয়ান দলগুলোকে পাকিস্তানে নিয়ে আসার আসার ব্যবস্থা করতে হবে। তবে পিএসএল ফাইনাল এখানে আয়োজনের মাধ্যমে একটি বিষয় অন্তত আমরা প্রমান করতে পেরেছি সফরকারী দলগুলোর জন্য সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা আমরা নিশ্চিত করতে পারি। 
 
ইত্তেফাক/রেজা