হত্যা মামলার আসামিকে কুপিয়ে ও গুলি করে হত্যা

আপডেট : ০৯ মার্চ ২০১৭, ২০:০৭
ময়মনসিংহে দুটি হত্যাসহ ছয় মামলার আসামি হাসান মিয়াকে (২৫) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
 
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার খাগডহর ইউনিয়নের ল্যাংড়া বাজার এলাকায় তাকে হত্যা করা হয়েছে। 
 
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম  বলেন, আপন ও হাসান দুই বন্ধু। আপনকে কয়েক দিন আগে হাসান মারধর করেছিলেন। ধারণা করা হচ্ছে- এর প্রতিশোধ নিতে আপন ও তার লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হাসানের বিরুদ্ধে দুটি হত্যাসহ ছয়টি মামলা রয়েছে।
 
নিহতের বড় ভাই ঈসব আলী বলেন, হাসান ও আপন বন্ধু। আগে তারা এক সঙ্গে চলাফেরা করলেও সম্প্রতি তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। আপন ও তার অন্য বন্ধুরা হাসানকে তাদের সঙ্গে থেকে ব্যবসা করার প্রস্তাব দিলেও তিনি তাতে রাজি হননি। এ নিয়ে আপনের সঙ্গে হাসানের মনোমালিন্য হয়। বৃহস্পতিবার দুপুরে আপনের নেতৃত্বে তিনটি অটোরিকশায় করে দুর্বৃত্তরা ল্যাংড়া বাজারে গিয়ে প্রকাশ্যে হাসানকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে।
 
ইত্তেফাক/উজ্জল