ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করছে: সোহাগ

আপডেট : ০৯ মার্চ ২০১৭, ২০:১২
ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করছে। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ক্যান্টিনের খাবারের মানোন্নয়নের জন্য কাজ করছে। এখন হল পরিষ্কার-পরিচ্ছনতার জন্য কর্মসূচী হাতে নিয়েছে। আমরা কাজের মাধ্যমে প্রমাণ করেছি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রসংগঠন জাতীয় কর্মসূচী নিয়ে ব্যস্ত।
 
বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার’দা সূর্যসেন হলে ছাত্রলীগের ১৯ দফার অন্যতম পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
 
ছাত্রসংগঠনগুলোকে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় ইস্যু নিয়ে ক্যাম্পাসে কোনো মিটিং-মিছিল না করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কল্যাণ হয় সে রকম কর্মসূচী দিন। 
IMG0
সোহাগ বলেন, ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে সকল রাজনৈতিক আন্দোলন সলগ্রামে যেমন বাংলাদেশ ছাত্রলীগ একক ভাবে অবদান রেখেছে ঠিক তেমনি স্বাধীনতা পরবর্তী সময়ে রাজনৈতিক সংগ্রামের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, মানবিক কর্মকাণ্ডেও একক ভাবে অবদান রাখছে বাংলাদেশ ছাত্রলীগ। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগ পরিবেশ রক্ষার্থে এই পরিষ্কার, পরিচ্ছন্ন অভিযান।
 
হল শাখা ছাত্রলীগের সভাপতি মো. গোলাম সরওয়ার ও সাধারণ সম্পাদক নাহিদ হাসান শাহীনের সঞ্চলনায় এতে আরো বক্তব্য রাখেন ঢাবি শিক্ষক সমিতির সভাপতি ও হলের প্রাধ্যাক্ষ ড.এ এস এম মাকসুদ কামাল, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স সহ অন্যান্যরা। 
 
ইত্তেফাক/রেজা