চাটমোহরে খ্রিস্টান ধর্মপল্লীর নৈশপ্রহরীকে কুপিয়ে জখম, আটক ৩

আপডেট : ১০ মার্চ ২০১৭, ১০:১৬
পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর খ্রিস্টান ধর্মপল্লীর (চার্চ) নৈশ প্রহরীকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন তিনজনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর তিনটার দিকে।
 
তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা পুলিশ বা কেউ বলতে পারেনি। আহত নৈশপ্রহরী হলেন উপজেলার লাউতিয়া গ্রামের বাউল কস্তার ছেলে গিলবার্ট ডি কস্তা (৬০)। তাকে মুমূর্ষুু অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
জানা গেছে, ভোর তিনটার দিকে ৩ যুবক এসে নৈশপ্রহরীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। নৈশ প্রহরীর গলা, হাত-পা সহ বিভিন্ন স্থানে কোপানো হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অভিযান চালিয়ে সন্দেভাজন তিনজনকে আটক করেছে। তবে পুলিশ তাদের নাম জানাতে অপরাগতা প্রকাশ করেছে। এ ঘটনায় খ্রিস্টান পল্লীতে চরম আতঙ্ক বিরাজ করছে।
 

ইত্তেফাক/মণ্ডল