খুলনায় অস্ত্র ও গুলিসহ সুন্দরবনের দুই জলদস্যুকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ২টি দেশীয় পাইপগান, ৫ রাউন্ড বন্দুকের তাজা কার্তুজ এবং ৪ রাউন্ড এমটি কার্তুজ উদ্ধার করা হয়।
শুক্রবার দুপুর ১২টায় র্যাব-৬’র দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বাগেরহাটের মংলার কানাইনগর গ্রামের মো. কুদ্দুস শেখের ছেলে মো. বিল্লাল শেখ (১৯) ও রামপাল উপজেলার ফয়লা পাড় গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল গফুর শেখের ছেলে আব্দুল খালেক শেখ (৬৩)।
প্রেস ব্রিফিংয়ে স্পেশাল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান জানান, গত বৃহস্পতিবার রাতে বাগেরহাট জেলার রামপাল উপজেলার ফয়লাপাড় গোবিন্দপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে জলদস্যু বিল্লাল শেখ ও আব্দুল খালেক শেখকে গ্রেফতার করা হয়। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে মো. শফিক ওরফে সামছু ওরফে ছোট্ট, মো. তারিক ও অনুপ রায়সহ ৪/৫ জন কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী, মংলা উপজেলার ধান সিদ্ধেরচর হারবারিয়া এলাকা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, জলদস্যুরা দীর্ঘদিন ধরে সুন্দরবনের জেলে, কাঁকড়া ব্যবসায়ী, গোলপাতার ব্যবসায়ীদের জিম্মি করে মুক্তিপণ আদায় করছে। তারা সুন্দরবনের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে জেলেদের নৌকা ডাকাতি করে সর্বস্ব লুটে নেয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাগেরহাটের রামপাল থানায় অস্ত্র আইনে ও ডাকাতির প্রস্তুতির মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/মাহমুদুল
