সিলেটের বিয়ানীবাজারে ট্রাক চাপায় চার অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে সিলেট-বিয়ানীবাজার সড়কের আলীনগর ইউনিয়নের টিকড়পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে তিনজন ঘটনাস্থলে ও একজন ওসমানী হাসপাতালে আনার পথে মারা যান বলে জানান সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটমুখী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। একজনকে গুরুতর আহত অবস্থায় ওসমানী হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নিহতদের একজনের নাম সাব্বির ও আরেকজনের নাম দুলাল বলে নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন চক্রবর্তী। অপর দু'জনের নাম শেষ খবর পর্যন্ত জানা যায়নি। দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে। আধঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনতাকে সরিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করে।
