বরিশালে বিজ্ঞান বিষয়ক নানা অনুষ্ঠান

আপডেট : ১০ মার্চ ২০১৭, ২০:৪১
বরিশালের অমৃত লাল দে কলেজে শুক্রবার বিকেলে ‘দ্বিতীয় পৃথিবীর সন্ধানে’ শীর্ষক বিজ্ঞান বক্তৃতা ও নানা ধরনের বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
 
অনুষ্ঠানে বিজ্ঞান বিষয়ক বক্তৃতা করেন পেশাদার বিজ্ঞান বক্তা ও লেখক আসিফ। বিজ্ঞান সংগঠন কসমিক কালচার আয়োজিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিখ্যাত কার্টুনিস্ট আহসান হাবীব, সংস্কৃতিজন মানবেন্দ্র বটব্যাল, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এস এম ইকবাল, অমৃত লাল দে মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল কবীর ও কসমিক কালচার-এর সভাপতি ড. অনীশ মণ্ডল।
 
এছাড়া সকলের জন্য উন্মুক্ত ছিল বিজ্ঞান বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, বিজ্ঞান বই মেলা, ছোটদের জন্য 'মহাকাশ' নিয়ে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও মহাকাশযানের মডেল তৈরি এবং স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান প্রজেক্ট তৈরির প্রতিযোগিতা ও সায়েন্স ফিকশন রচনা প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।­