মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরি ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামের সাত বছর বয়সী শিশু শ্রেণিতে পড়ুয়া ছাত্র দুরন্তের লাশ বাঁশ ঝাড় থেকে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে। ওই শিশুটির বাবার নাম শহিদুল ইসলাম। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে এমনটি অভিযোগ নিহতের পরিবারের।
বৃহস্পতিবার বিকালে দুরন্ত নামের ওই শিশুটি নিখোঁজ হয়। এরপর থেকে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখোজি করে পাওয়া যায়নি। শুক্রবার সকালে বাড়ির উত্তর পাশের বাঁশ ঝাঁড়ের নিচে দুরন্তকে মৃত অবস্থায় পাওয়া যায়।
ঘিওর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, লাশটি হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পায় পুলিশ। লাশের ময়নাতদন্তের জন্য জেলা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সন্ধ্যায় শিশুর বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। তার পরিপ্রেক্ষিতে ঐ এলাকার আনোয়ার হোসেন (৪০), চায়না বেগম (৫০) ও পলি বেগমকে (২১) জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
