কুষ্টিয়ার ভেড়ামারা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ওরশ শরীফের একটি যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৮ জন। শনিবার ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ এস আই আব্দুল জব্বার জানান, ভোর চারটার দিকে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে ভেড়ামারার সাতমাইল সাহেবনগর পৌঁছলে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে বাস যাত্রী ওমেদ আলী (৫৫) ও আব্দুল মজিদ (৬০) ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় প্রায় ৪৮ জন আহত হয়েছেন।
পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুইটিসহ আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহতরা বর্তমানে সেখানে চিকিৎসাধীন। বাসের যাত্রীরা বরিশালের একটি পীরের দরগায় ওরশ শরীফে যোগ দিতে যাচ্ছিল বলে জানা গেছে। -বাসস
