উপজেলার সদর বাজার সংলগ্ন প্রধান সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে স্কুল, কলেজের শিক্ষার্থীসহ সাধারণ লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, চিতলমারী সদর বাজারের পাশের প্রধান সড়কটি গত কয়েক বছর ধরে সঠিক মেরামতের অভাবে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে এ সড়কে চলাচল করতে লোকজনকে পোহাতে হয় নানা দুর্ভোগ। সড়কে বেহাল দশার কারণে প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা। এলাকাবাসীর অভিযোগ গত কয়েক বছর ধরে সড়কের এ বেহাল অবস্থা যেন দেখার কেউ নেই। সামান্য বৃষ্টিতে রাস্তায় পানি জমে যায়। এ পানি নিষ্কাশনের জন্য সদর বাজারের পাশ থেকে একটি ড্রেন তৈরি করা হলেও সেটি এখন কোনো কাজে আসছে না। বরং ড্রেনের দুর্গন্ধযুক্ত পানি এখন রাস্তায় ঢুকে পরিবেশ নষ্ট হচ্ছে। পরিস্থিতি এক চরম আকার ধারণ করেছে। সড়কের দুরবস্থার কারণে মালামাল আনা-নেওয়াসহ যানবাহন চলাচলেও সমস্যার অন্ত নেই। এছাড়া এই পরিস্থিতির কারণে লোকজন বাজারমুখী হচ্ছে না। এতে সাধারণ ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন। এছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঠিকমতো বিদ্যালয়ে যেতে পারছে না।
সদর বাজারের ব্যবসায়ীরা জানান, সড়কে বেহাল অবস্থার কারণে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে লোকজন আসছে না। ফলে তাদের রুটি-রুজি বন্ধ হতে বসেছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ জানান, বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে সমস্যার সমাধান করা হবে।
ইত্তেফাক/নূহু
