উত্যক্তের প্রতিবাদ করায় মাগুরায় এক বখাটে নবম শ্রেণী পড়ুয়া স্কুলছাত্রীকে চড়-থাপ্পড় মেরেছে। এ ঘটনায় অপমানিত হয়ে নবম শ্রেণী পড়ুয়া ওই স্কুলছাত্রী গলায় ফাঁস নিয়ে অত্মহত্যার চেষ্ঠা করেছে।
ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী এলাকায়। গুরুতর আহত অবস্থায় স্কুলছাত্রীকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ অভিযুক্ত বখাটে মাছুদ (১৮) কে গ্রেপ্তার করেছে।
স্কুল ছাত্রীর বাবা জয়নাল আবেদিন জানান, প্রতিবেশী আক্তার বিশ্বাসের ছেলে মাছুদ বেশ কিছুদিন ধরে তার মেয়েকে উত্যক্ত করে আসছে। সর্বশেষ শনিবার দুপুরে মাগুরা শহরের স্কুল থেকে বাড়ি ফেরার পথে মাছুদ তাকে আবারো উত্যক্ত করে।
প্রতিবাদ করলে বখাটে মাছুদ প্রকাশ্যে তাকে চড়-থাপ্পড় মারে। বিষয়টি বাড়ি ফিরে মেয়েটি বাবা-মাকে জানায়। জয়নাল আবেদিন বিষয়টি মাছুদের বাবা-মাকে জানালে তারা উল্টো জয়নাল আবেদিনকে বকাঝকা করে।
এ ঘটনা জানতে পেরে ক্ষোভে, অভিমানে মেয়েটি ঘরে দরোজা দিয়ে গলায় ফাঁস নেয়। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে দরোজা ভেঙে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।
সদর হাসপাতালের জরুরী বিভাগ সুত্রে জানাযায়, গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টাকারী স্কুল ছাত্রীর চিকিৎসা চলছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোঃ হোসেন আল মাহবুব জানান, পুলিশ অভিযুক্ত যুবক মাছুদকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/নূহু
