আতাইকুলায় আমির হামজা ওরফে রাজ (২৭) নামে এক ছাত্রলীগ নেতাকে ৮৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক, এসআই শরিফল ইসলামসহ একদল পুলিশ ছদ্মবেশে রঘুনাথপুর মণ্ডল পাড়া থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশের দাবি, গ্রেফতারকৃত রাজ উপজেলার আর-আতাইকুলা ইউনিয়নের ছাত্রলীগ নেতা। ছাত্রলীগের নেতা হওয়ায় তিনি এলাকায় প্রকাশ্যে মাদকের ব্যবসা করতেন।
এ ব্যাপারে সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শামসুল হক স্বপন সাংবাদিকদের জানান, বর্তমানে আর-আতাইকুলা ইউনিয়নে কোনো কমিটি নাই। রাজ ছাত্রলীগের নেতা কিনা তা আমার জানা নাই। তবে রাজ যে মাদক ব্যবসার সাথে জড়িত তা অনেকেই জানেন। রাজের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। রবিবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।
