রাজশাহীর পবায় তিন ‘জঙ্গি’ আটক

আপডেট : ১২ মার্চ ২০১৭, ১৭:০০
রাজশাহী পবা উপজেলা থেকে তিন ‘জঙ্গি’কে আটক করেছে পুলিশ। রবিবার ভোরে জেলার বাগমারা ও পবা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। এদের মধ্যে একজন নিষিদ্ধ ঘোষিত ‘জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি)’ সদস্য এবং দু’জন হিযবুত তাহরীর সদস্য বলে জানিয়েছে পুলিশ।
 
আটকরা হলেন- বাগমারা উপজেলার গুণিয়াডাঙ্গা গ্রামের আনিসুর রহমানের ছেলে আবদুর রাজ্জাক (৩০) এবং পবা উপজেলার নওহাটা পৌরসভার নতুনপাড়া গ্রামের শফিকুল ইসলাম খানের ছেলে আরিফুল ইসলাম সদয় (২৩) ও শাহপাড়ার এলাকার গোলাম মোস্তফার ছেলে মানসুর রহমান (২৫)।
 
বাগমারা থানার ওসি নাসিম আহম্মেদ জানান, আবদুর রাজ্জাক পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ২০০৪ সালে বাংলাভাইয়ের মাধ্যমে সে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবিতে যোগ দেয় বলেও জানান ওসি।
 
পবা থানার ওসি পরিমাল চক্রবর্তী জানান, আরিফুল ও মানসুর নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর সদস্য। এলাকায় তারা নাশকতার তৎপরতা চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিষয়টি নিশ্চিত হয়ে তাদের আটক করে। 
 
এদিকে জেলা পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভূইয়া জানান, আটক তিন ‘জঙ্গিকে’ থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হবে বলেও জানান তিনি।