চেলসিকে হারাতে প্রত্যয়ী ইউনাইটেড: ফেলাইনি

আপডেট : ১২ মার্চ ২০১৭, ১৮:৪০
এফ এ কাপের কোয়ার্টার ফাইনালে চেলসিকে হারানোর প্রত্যয় ব্যক্ত করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডর তারকা খেলোয়াড় মরুনে ফেলাইনি। আগামীকাল সোমবার স্টামফোর্ডে ম্যাচটি খেলবে হোসে মরিনহোর শিষ্যরা।
 
চেলসির কোচ এর পদ থেকে বরখাস্ত হবার পর গত অক্টোবরে প্রথম স্টামফোর্ডব্রিজে গিয়েছিলেন মরিনহো। তবে ওই ম্যাচে সাবেক ক্লাবটির কাছে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হার মানে তার বর্তমান দল ইউনাইটেড।
 
তবে ওই দু:খ জনক ঘটনাটি থেকে ঘুরে দাঁড়ানোর রশদ খুঁজে পায় ইউনাইটেড। যার প্রমাণ তারা দিয়েছে পরের ম্যাচগুলোতে। এর পর থেকে এখনো পর্যন্ত যতগুলো ম্যাচ খেলেছে তার মধ্যে মাত্র দু’টি ম্যাচে পরাজিত হয়েছে রেড ডেভিলসরা।
 
গত মাসে সাউদাম্পটনের বিপক্ষে জয়ী হয়ে লীগ কাপের শিরোপা ঘরে তুলেছে ইউনাইটেড। এটি মরিনহোর আমলে ক্লাবটির প্রথম শিরোপা। সামনে রয়েছে এফএ কাপ ও ইউরোপা কাপ জয়ের হাতছানি। 
 
এদিকে প্রিমিয়ার লীগে দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে চেলসি। সতীর্থ ক্লাবগুলোর সঙ্গে ১০ পয়েন্টের ব্যবধান রচনা করে লীগে এককভাবে শীর্ষস্থান ধরে রেখেছে ব্লুজরা। একই সঙ্গে পৌঁছে গেছে এফএ কাপের শেষ আটে। দু’টি শিরোপাই জয়ের মাধ্যমে পশ্চিম লন্ডনের ক্লাবটিতে প্রথম মৌসুমেই স্মরনীয় হয়ে যেতে চান মরিনহোর স্থলে চলতি মৌসুমে যোগ দেয়া এ্যান্টনিও কন্টে। সেই সঙ্গে থিতু হতে চান ক্লাবটিতে। 
 
অবশ্য প্রিমিয়ার লীগে চেলসির চেয়ে ১৭ পয়েন্টে পিছিয়ে রয়েছে ইউনাইটেড। তারপরও ফেলাইনির অভিমত এই লড়াইয়ে জয়ের বিষয়ে ইউনাইটেড বদ্ধপরিকর।
 
তিনি বলেন, এটি ঠিক যে কয়েক মাস আগে তাদের ভেন্যুতে আমরা হেরে এসেছি। কিন্তু এবারের ম্যাচটি এফএ কাপের। এখন দেখা যাক কি ঘটে। আমার মনে হয় ম্যাচটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এটি এফএ কাপ এক ম্যাচের খেলা। তারা লীগের শীর্ষ পয়েন্টধারী।দলে যেমন দারুন সব খেলোয়াড় রয়েছে তেমনি আত্মবিশ্বাসীও। তবে সেখানে আমরা আমাদের মানসম্পন্ন খেলা প্রদর্শন করব। এরপর দেখা যাবে কি হয়।বাসস।