আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ রবিবার দুপুরে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কে শ্রীরামপুর গ্রামের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম হোসেন আলী(৪০)। তিনি মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা আসাননগর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সড়ক পার হতে থাকা একটি কুকুরকে বাঁচাতে গিয়ে সবজি বোঝাই আলমসাধুটি উল্টে যায়। এ ঘটনায় আলমসাধুতে থাকা হোসেন আলী নিহত হন। এ দুর্ঘটনায় আরও দুই সবজি ব্যবসায়ী আহত হয়েছেন।
জানা গেছে, সবজি ব্যবসায়ী হোসেন আলী(৪০) প্রায়ই সবজি নিয়ে আলমসাধুযোগে কুষ্টিয়া যেতেন। রবিবার একই গ্রামের সালমান হোসেন(৩৪) ও বাচ্চু আলী(৪৫)কে সঙ্গে নিয়ে কুষ্টিয়া যাচ্ছিলেন। এ সময় তারা দুর্ঘটনাকবলিত হন।
স্থানীয়রা আহত অবস্থায় তিনজনকে দ্রুত উদ্ধার করে হারদী হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় হোসেন আলী মারা যায়।
আহত দুজনের চিকিৎসা চলছে।
দুর্ঘটনার ব্যাপারে আলমডাঙ্গা থানার ওসি আকরাম হোসেনের সঙ্গে কথা বললে তিনি বলেন, আহতদের আলমডাঙ্গা থানার অধীন হাসপাতালে নিয়ে এলেও দুর্ঘটনাটি মিরপুর থানার মধ্যে ঘটেছে। এবং আহত ও নিহত ব্যক্তিদের মিরপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ইত্তেফাক/নূহু
