নাটোরের সিংড়া উপজেলায় মসজিদে ঢুকে কৃষককে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গুরুতর আহত কৃষক আ. জলিল সরদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
রবিবার জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার কামার বড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিংড়া থানায় মামলা হয়েছে।
মামলার বিবরণী সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে মধ্যপাড়া নতুন জামে মসজিদে যোহরের নামাজ আদায় করে বাসায় ফিরছিলেন আ. জলিল। পূর্ব শক্রুতার জের ধরে অস্ত্র নিয়ে একই গ্রামের জাকিরের নেতৃত্বে ছয়জন আ. জলিলকে উপর্যুপুরি আঘাত করে জখম করে। রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মন্ডল বলেন, ‘বিষয়টি জেনেছি, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
