ক্যানভাসে প্রকৃতি ও মানুষ

আপডেট : ১৪ মার্চ ২০১৭, ০২:১৮

অধ্যাপক সিদ্ধার্থ তালুকদার ৪০ বছর ধরে চারুকলার সৃজনে সক্রিয়। শতাধিক জাতীয় ও আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন; কিন্তু শিল্পী একক কোনো প্রদর্শনী আয়োজন করেননি। ষাট বছর বয়সে এসে ‘আত্মপ্রকাশ’ শিল্পী সিদ্ধার্থ তালুকদারের প্রথম একক প্রদর্শনী। তার ক্যানভাসে উঠে আসে প্রকৃতি ও মানুষ। তার কাজে একই সঙ্গে ঐতিহ্য, সংগীতের ছন্দময়তা ও সৃজনশীলতার মেলবন্ধন। শিল্পীর কাজে রয়েছে কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং সততার সম্মিলিত প্রয়াস। বিগত কয়েক বছরে শিল্পী সিদ্ধার্থ তালুকদার জল রঙ, আ্যাাক্রেলিক, প্যাস্টেল এবং মিশ্র মাধ্যমে কাজ করেছেন।

শিল্পী রফিকুন নবী বলেন, তিনি বেশ প্রস্তুতি নিয়ে একক প্রদর্শনী করেছেন। দীর্ঘদিন ধরে কাজ করা এবং সেগুলো সংরক্ষণ করা কঠিন একটি কাজ। তিনি সে কাজটি করেছেন। তার ছবিগুলো ভালো লেগেছে। বিশেষ করে তিনি বেশ সাহসীভাবে রঙের ব্যবহার করেছেন।

শিল্পী সিদ্ধার্থ বলেন, শত প্রতিকূলতার মধ্যেও একজন শিল্পী যদি শ্রম, নিষ্ঠা ও সততার সাথে কাজ করেন তাহলে সফলতা অনেকাংশ নিশ্চিত।

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে চলছে শিল্পী সিদ্ধার্থ তালুকদারের ‘আত্মপ্রকাশ’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী। প্রদর্শনীতে ৩০টি চিত্রকর্ম স্থান পেয়েছে। এর উদ্বোধন করেন শিল্পী অধ্যাপক রফিকুন নবী। বিশেষ অতিথি ছিলেন চিত্র সমালোচক মইনুদ্দীন খালেদ ও চারুকলা অনুষদের ডিন শিল্পী নিসার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার পরিচালক ব্রুনো প্লাস।

শিল্পী সিদ্ধার্থ তালুকদার জামালপুর জেলায় ১৯৫৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে বি.এফ.এ ও এম.এফ.এ শেষ করেন ১৯৮৪ সালে। এরপর তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি ডিগ্রি অর্জন করেন ১৯৯৯ সালে। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পেইন্টিং, ওরিয়েন্টাল আর্ট এবং প্রিন্টমেকিং বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

প্রদর্শনীটি চলবে ১৮ মার্চ ২০১৭ পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রবিবার সাপ্তাহিক বন্ধ।

মতিঝিল থিয়েটারের ‘নিঃসঙ্গ নিরাময়’ :শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হলো মতিঝিল থিয়েটারের নতুন নাটক ‘নিঃসঙ্গ নিরাময়’। গতকাল সোমবার সন্ধ্যায় একাডেমির স্টুডিও থিয়েটার মঞ্চে নাটকটি মঞ্চায়িত হয়। রবিউল আলমের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন নাজমুল হাসান। যোগাযোগের হাজারটা মাধ্যম আধুনিক মানুষের নাগালে। তারপরও মানুষ একা, মানুষ নিঃসঙ্গ। একজন আরেকজনের সঙ্গে কথা বলে না, বললেও মেপে মেপে বলে। একই ছাদের তলায় বাস করেও তারা পরস্পরের সঙ্গী হতে পারে না আত্মকেন্দ্রিকতার কারণে। এমনি একজন একাকী নারীর একাকীত্ব তাকে গিলে কয়েকজন মানুষের কথা উঠে আসে নাটকের কাহিনীতে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাসরীন গীতি, শারমিন সুলতানা, হোসাইন আহমেদ, নাজমুল হাসান ও শায়লা পারভীন পিয়া।

সোমেন চন্দের হত্যা দিবসে উদীচীর পাঠচক্র : প্রগতিশীল কথাসাহিত্যিক, বিপ্লবী ও প্রগতি লেখক সংঘের অন্যতম উদ্যোক্তা সোমেন চন্দ। গত ৮ মার্চ ছিল তার হত্যা দিবস। এ উপলক্ষে রবিবার সন্ধ্যায় পাঠচক্র আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

তোপখানা রোডের উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে এ পাঠচক্র অনুষ্ঠিত হয়। উদীচী ঢাকা মহানগর সংসদের সহ-সভাপতি বিমল মজুমদারের সভাপতিত্বে পাঠচক্রে প্রধান আলোচক ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ। পাঠচক্রে অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ রচিত প্রবন্ধ ‘সোমেনের গল্পে নিসর্গ’ নিয়ে আলোচনা করা হয়।

ইত্তেফাক/নূহু