ভারতের গোয়া রাজ্যে সরকার গঠনে তোড়জোড় শুরু করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আজ মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মনোহর পাররিকরের শপথ নেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে সোমবার আদালতের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। এদিকে মুখ্যমন্ত্রী হওয়ার আগে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন মনোহর পাররিকর। প্রতিরক্ষামন্ত্রীর অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন অর্থমন্ত্রী অরুন জেটলি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
রাজ্যপাল মৃদুলা সিনহার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সোমবার সুপ্রিম কোর্টে যায় গোয়া কংগ্রেসের পরিষদীয় দল। বিজেপির থেকে কংগ্রেস বেশি আসন পাওয়া সত্ত্বেও রাজ্যপাল মৃদুলা সিনহা গোয়ার পরবর্তী সরকার গঠনে বিজেপিকে আমন্ত্রণ জানায়। সেই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে পিটিশন দায়ের করে কংগ্রেস। দেশটির প্রধান বিচারপতি কংগ্রেসের এই পিটিশনের শুনানিতে বিশেষ বেঞ্চ গঠনে সম্মতি দেন।
হোলির কারণে আজ শীর্ষ আদালতে ছুটি থাকলেও, সকালে বিশেষ বেঞ্চে এই পিটিশনের শুনানি রয়েছে। কংগ্রেসের পরষদীয় দলনেতা চন্দ্রকান্ত কাভলেকর বলেন, রাজ্যপালের উচিত ছিল আগে কংগ্রেসকে আমন্ত্রণ জানানো। কারণে গোয়ায় কংগ্রেসই দল হিসেবে সবচেয়ে বেশি আসন পেয়েছে। ৪০ আসনের গোয়া বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২১টি আসন। সেখানে বিজেপি পেয়েছে ১৩টি এবং কংগ্রেসের দখলে ১৭টি।
