নবাবগঞ্জে বখাটের রডের আঘাতে যুবক খুন

আপডেট : ১৪ মার্চ ২০১৭, ১০:৩৫
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বখাটের রডের আঘাতে ভক্ত চন্দ্র সরকার (২২) নামে এক যুবক খুন হয়েছে।
 
সোমবার রাত আটটার দিকে উপজেলার সোনাবাজুর বেরিবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ভক্ত চন্দ্র সরকার ওই এলাকার মৃত. বিরেন চন্দ্র সরকারের ছেলে।
 
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সোনাবাজুর গ্রামে বিজয় সরকারের বাড়িতে দুইদিন ধরে অষ্টকালি গান হচ্ছিলো । সোমবার রাত আটটার দিকে হাসান নামে এক বখাটে ৮/১০ জনকে নিয়ে ওই বাড়িতে যায়। হাসান এ সময় ভক্ত সরকারের ভাগনে সাগরের কাছে তার ভাতিজি কোহেলী সরকারের (আলয়) মোবাইল নাম্বার চায়। সাগর কোহেলীর মোবাইল নাম্বার দিতে না চাইলে হাসান তাকে চর থাপ্পর দেয়। এ সময় ভাগনে সাগর তার মামা ভক্তকে ডেকে এনে এ ঘটনা জানায়। ভক্ত ঘটনাস্থলে এসে বখাটেদের কাছে বিষয়টি জানতে চাইলে তার সঙ্গে বাক্বিতণ্ডা হয়। এক পর্যায়ে হাসান রড দিয়ে ভক্ত সরকারের ঘাড়ে আঘাত করলে তিনি মাটিতে লুটে পড়েন। স্বজনরা তাকে আহত অবস্থায় নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।